নির্যাতনের পর স্ত্রীর মাথার চুল কেটে দিলেন স্বামী

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২১:৩৯

যৌতুকের দাবিতে নির্যাতনের একপর্যায়ে কাঁচি দিয়ে স্ত্রীর মাথার চুল কেটে দিয়েছেন স্বামী। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে যশোরের ঝিকরগাছা উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ স্বামী সাদ্দামকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

জানা যায়, পাঁচ বছর আগে এই দম্পতির বিয়ে হয়। তাদের দুই বছর বয়সী একটি সন্তান আছে। এদিকে মাদকাসক্ত স্বামী সাদ্দাম হোসেন বিয়ের পর থেকে প্রায় যৌতুকের জন্য মারধর করতো। একবার তাদের তালাক হলেও আবারও বিয়ে হয়। ঘটনার দিন দুপুরে মারধরের একপর্যায়ের স্ত্রীর চুল কেটে দেয় সাদ্দাম। এ ঘটনা এলাকাবাসী পুলিশকে জানালে রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বিয়ের দিনে কনের বাড়িতে হামলা, কুপিয়ে কান ও হাত বিচ্ছিন্ন

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক জানান, স্ত্রী বাদি হয়ে মঙ্গলবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাদ্দাম হোসেনের নামে থানায় মামলা দায়ের করেছেন। আটকের পর বুধবার দুপুরে সাদ্দামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এসি