খুলনা জেলা পরিষদের সদস্য ও প্যানেল মেয়র অভিজিত্ চন্দ্র চন্দ (৪০) ঢাকায় একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তিনি সাবেক মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের তৃতীয় সন্তান।
পারিবারিক সূত্র দাবি করেছে, তিনি খুলনার ডুমুরিয়ার আরাজি সাজিয়ারা গ্রামে নিজ বাড়িতে বুধবার বেলা ১১টায় হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালান। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ঐ বিভাগের ডা. সাইদুর রহমান জানিয়েছেন, তিনি হারপিক পান করেছেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় বিকাল ৩টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
ঢাকায় স্কয়ার হাসপাতালে বিকাল সাড়ে ৫টার দিকে আইসিইউতে নেয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়।
পারিবারিক সূত্র আরো জানায়, অভিজিত্ বিবাহিত ও এক সন্তানের জনক। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন—সে বিষয়ে কেউ কোনো নিশ্চিত তথ্য দেননি। বছর দুয়েক আগে অভিজিতের বোন বেবী হারপিক পান করে আত্মহত্যা করেছিলেন।
