‘বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না’

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০০:৩৪

রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী-এমপিরা বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্র ও আইনের শাসনের কথা মানায় না। ক্যান্টনমেন্টে অবৈধ সামরিক শাসকের হাতে জন্ম নেওয়া বিএনপি ক্ষমতায় থাকতে ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ ২১ বার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে বিএনপি। নিষ্ঠুর নির্যাতন চালিয়ে হাজার হাজার মায়ের বুক খালি করেছে। তারা কোন মুখে গণতন্ত্র ও আইনের শাসনের কথা বলে? এ দলটির কোনো লজ্জাবোধ নেই, অনুশোচনা নেই।

প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে গতকাল বুধবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এ দাবি জানান। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, সরকারি দলের তাহজীব আলম সিদ্দিকী, মোহাম্মদ সাহিদুজ্জামান, ডা. শামিল উদ্দিন আহম্মেদ শিমুল, মোসাম্মাত্ খালেদা খানম, বিএনপির হারুনুর রশীদ, জাতীয় পার্টির সালমা ইসলাম প্রমুখ।

আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের মাহবুব-উল আলম হানিফ বলেন, দিন আজ বদলে গেছে, শেখ হাসিনার হাত ধরে ধীরে ধীরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠছে বাংলাদেশ। পুরো বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ ৮ দশমিক ৫ প্রবৃদ্ধি অর্জন করেছে। পাকিস্তান তো বটেই, অনেক ক্ষেত্রে ভারতের চেয়েও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী, প্রাজ্ঞ, কর্মঠ ও সত্ নেতৃত্বের কারণে।