বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) তিন সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সব সাংবাদিক সংগঠন নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার শেখ জাহাঙ্গীর আলম ও আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খানকে পুলিশ সদস্য কর্তৃক মোটরসাইকেল চাপা ও মেরে ফেলার হুমকি এবং ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্য আবাদুজ্জামান শিমুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দেন।
গতকাল বুধবার দুপুরে ক্র্যাবের উদ্যোগে ক্র্যাব কার্যালয়ের সামনে সংগঠনের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু। সমাবেশে বক্তব্য দেন ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, কামরুজ্জামান খান, সাবেক সভাপতি আবু সালেহ আকন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের পরিস্থিতি এমন হয়েছে যে-সাংবাদিকরা এখন মারধরের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কখনো পুলিশ, কখনো সন্ত্রাসী, কখনো বা মাফিয়া এবং রাজনৈতিক নেতাকর্মীরা সাংবাদিকদের পেটাচ্ছেন। ক্র্যাবের তিন সদস্যসহ গত এক সপ্তাহে অন্তত সাত জন সাংবাদিক অন্যায় হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। সাংবাদিক নির্যাতন করলে শাস্তি হয় না বলেই দিন দিন সাংবাদিকদের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে।
