ঢাকা উত্তর ও দক্ষিণ নির্বাচনে আয়কর রিটার্নসহ প্রার্থীদের সম্পদবিবরণীর তথ্য চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) লিগ্যাল নোটিশ দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনের সিনিয়র সচিবকে সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক এ নোটিশ দেন। নোটিশে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রার্থীদের তথ্য প্রকাশ এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিস থেকে এ সংক্রান্ত তথ্য জানার সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তা না হলে হাইকোর্টে রিট করা হবে।
নোটিশে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০-এর ৪৮ বিধি অনুসারে আয়কর রিটার্নসহ প্রার্থীদের সম্পদ বিবরণীর তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ এবং প্রার্থীদের তথ্য জানতে বেসরকারি সংস্থার প্রতিনিধিদের প্রবেশ নিশ্চিত করতে বলা হয়েছে।
