রাজিব দেবনাথ
সংগ্রামী ভাইয়েরা আমার,
প্রথমে আমার নীল সালাম নেবেন। ফেসবুকের এই জামানায় নীল সালাম কী জন্য, তা ব্যাখ্যা করা মূর্খতার শামিল। বর্তমানে যারা ক্ষমতায় আছে, তারা মূর্খ বলেই আপনাদের প্রয়োজনীয়তা বুঝতে পারে না। তাদের অজ্ঞতার ফলেই আজকে ইন্টারনেটের এই ঊর্ধ্ব মূল্য। আজকে আমাদের ২০০ টাকা দিয়ে ১ জিবি ডাটা কিনতে হয় অথবা তীর্থের কাকের মতো অন্য কারও ফ্রী ওয়াই-ফাইয়ের আশায় বসে থাকতে হয়।
সংগ্রামী সাথিগণ,
ইন্টারনেট স্পিডের কথা আর নাই বা বললাম। কিছু দিন আগে ফোরজি ঠিকই চলু হয়েছে। কিন্তু গোপন সূত্রে এক সরকারি কর্মকর্তা বলেছেন, আসলে তা কোনো জি-এর মধ্যেই পড়ে না। আমি তার নাম বলব না, নাম বললে তার চাকরি চলে যাবে।
ভাইয়েরা আমার,
বর্তমানে সব জায়গায় লুটতরাজ চলছে। যে যেভাবে পারছে সব লুট করছে। শোষিত হচ্ছে যাদের নতুন আইডি তারা। খেয়াল করে দেখেন, যাদের হাজার হাজার ফলোয়ার, তারা যদি পোস্ট দেয় ‘ইটিং টাকি মাছ’ তারপরও কয়েক কিলো লাইক আর কমেন্ট পড়ে যায়। অপরদিকে যারা অপেক্ষাকৃত গরিব, যাদের তেমন ফলোয়ার নেই তাদের লেখা যদি সাহিত্য মানে হুমায়ূন আহমেদকেও ছাড়িয়ে যায় সন্ধ্যা পর্যন্ত লাইক পড়ে পাঁচটা, কমেন্ট তো আরও পরের বিষয়।
সংগ্রামী বন্ধুগণ,
এতক্ষণ আবেগে অনেক কথা বলে ফেললাম। সে যাই হোক, আপনারাই বলুন বর্তমানে যারা ক্ষমতায় আছে, তাদের এই জুলুম-অত্যাচার আর কতদিন চলতে পারে! আপনারা দয়া করে ক্ষমতায় যারা আছে, তাদের আইডি আর আমার আইডি ঘাটাঘাটি করে দেখুন। তাদের ফলোয়ার বেশি থাকতে পারে; কিন্তু ফলোয়ার বেশি মানেই তো আর জনপ্রিয়তা বেশি না। আপনারই খোঁজাখুঁজি করে দেখুন তাদের ফ্রেন্ডলিস্টে ক’জন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ অ্যাড আছে, আর আমার আইডিতে ক’জন আছে।
যাই হোক ভাইয়েরা আমার,
আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি একটা কথায় বলব, সবকিছু বিচার- বিবেচনা করে আপনারা আগামী নির্বাচনে আমার মতো একজন অ্যাকটিভ লাইকারকে বেছে নেবেন, সেই আশা ব্যক্ত করলাম। ওয়াদা করে গেলাম, নির্বাচিত হলে প্রতিমাসে সবাইকে ৩ জিবি করে ডাটা ফ্রি দেব। আর যাদের ফলোয়ার ২০ হাজারের বেশি হবে তাদের স্টার সদস্য হিসেবে ধরা হবে এবং আমাদের পার্টি হতে তাদের একটা করে স্মার্ট ফোন দেওয়া হবে।
জয় হোক মেহনতি ফেসবুকারদের,
এগিয়ে যাক গরিব নেট ইউজাররা।
