নির্বাচনে তাহারা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৯

আহাদ আদনান

 

আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে বড় বড় রাঘব-বোয়ালদের পাশাপাশি ঝাঁকে ঝাঁকে চুনোপুঁটিদের তত্পরতা দিনদিন বেড়েই চলেছে। রাস্তাঘাট, অলিগলিতে ঘুরে তাদের বিচিত্র পোস্টার প্রায়ই চোখে পড়ছে। আচ্ছা, আমি যা দেখি আপনিও কি তাই দেখেন?

 

জনাব কেরামত মণ্ডল :সভাপতি, বাংলাদেশ জিরা কল্যাণ গোষ্ঠী। সব তরকারিতে জিরা যেমন, কেরামত ভাই চলবে তেমন। যেকোনো বড় দল, জোট কিংবা কোয়ালিশনে মিশে যেতে মুখিয়ে আছেন।

 

অ্যাডভোকেট ছত্রাক মিয়া :নানা উত্সব বা দিবসে ‘সালাম নিন, শুভেচ্ছা নিন’ বিশেষজ্ঞ। নির্বাচনের আগে লম্ফঝম্ফ করে চামে চিকনে ‘বসে যেতে’ বিশেষ আগ্রহী।

 

হাজী আমানত প্রধান :তিন পুরুষ ধরে বিভিন্ন নির্বাচনে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে বিপুল বিক্রমে জামানত বাজেয়াপ্ত হওয়ার রেকর্ড আছে এই প্রধান পরিবারের। (বি.দ্র. আমানত প্রধানের একমাত্র নাতি ক্লাস ফাইভ থেকেই বিদ্যালয়ে নির্বাচন করে জামানত বাজেয়াপ্ত করা শিখছে।)

 

ড. টকশো মফিজ :এই ভদ্রলোক মাঝরাতে টকশো করতে করতে নিজের স্ত্রীর চেহারা পর্যন্ত ভুলে গেছেন। কফি কাপ প্রতীকে তিনি দাঁড়াবেন। আসন অবশ্য ঠিক হয়নি। এটা নিয়েও একটা টকশো হবে।

 

হিরোইন ঝুমঝুমি :ইদানীং শিল্পী কোটা থেকে নির্বাচনে দাঁড়ানোর চল শুরু হয়েছে। জেতার সম্ভাবনা সেই পর্যায়ের। মাঠে থাকতে ফ্লপ কুইন ঝুমঝুমি এখনই তোলপাড় শুরু করে দিয়েছে।

 

প্রিয় পাঠক, আপনিও কি এখনো ‘ম্যাঙ্গো পাবলিক’ অর্থাত্, আমজনতার অবস্থানে আছেন? নাকি নমিনেশন ফর্ম তুলে দাঁড়ানোর পাঁয়তারা করছেন?

মাতুয়াইল, ঢাকা