মিষ্টি মুখে ডাগর দু চোখ
ওই চোখে কি কান্না?
কান্না কেন লক্ষ্মী মেয়ে?
চাই কিরে তোর পান্না?
পান্না, মোতি, হিরে, চুনি
তোর জন্য স্বপ্ন বুনি
স্বপ্নে আছে রাজার কুমার
ক্ষীরের নদী, দুধসাগর আর...
নীল পদ্ম, সাদা গোলাপ
খুকুর সাথে ওদের আলাপ
রাজপুত্র আসবে উড়ে
পঙ্খীরাজের পিঠে চড়ে।
পান্না নিয়ে রাজারকুমার
আসবে খুকুর কাছে
এমন সুখের খবর বুঝি
রূপকথাতেই আছে!..
রূপকথার ওই স্বপ্নরথে
পান্না সবুজ ভালোবাসা
থাকবে খুকুর জীবনপথে,
অশেষ, অপার মধুর আশা।
