মুক্তিযোদ্ধা, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে আলোকচিত্রী ইফতেখার ওয়াহিদের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। শিরোনাম ‘শাহাবুদ্দিন, দ্য পেইন্টার দ্য ফাইটার’। ১৫ বছর ধরে এই আলোকচিত্রী অনুসরণ করছেন শাহাবুদ্দিন আহমেদকে। ক্যামেরাবন্দি করেছেন শিল্পীর নানা পর্যায়ের ছবি। গতকাল শাহাবুদ্দিন আহমেদের ওপর ৯ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে আইআরসির এ উদ্যোগে শিল্পীর জীবননির্ভর ৫০টি আলোকচিত্র ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। মুজিব-অন্তঃপ্রাণ বীর মুক্তিযোদ্ধা অনন্য এ শিল্পীর কাজে বিষয় হিসেবে ঘুরেফিরে এসেছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধের চেতনা স্খলনের পতিত বৈরী সময়গুলোতে শিল্পী শাহাবুদ্দিনের ছবিগুলো বারবার সাহস যুগিয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান বলেন, আমি নিজে শিল্প সৃজন করতে পারি না। কিন্তু শিল্পীদের কাজ আমাকে মুগ্ধ করে। বিশেষ করে সেই শিল্পী যখন শাহাবুদ্দিন আহমেদ।’ আনিসুজ্জামান বলেন, ইফতির কাজ আমি আগেও দেখেছি। ইফতির তোলা আলোকচিত্রে শিল্পী শাহাবুদ্দিনের ব্যক্তিত্ব, মনন ও শিল্পীসত্তার প্রকাশ ঘটেছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অভিনেত্রী শম্পা রেজা, অমিকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম করীফুল আলম, স্বাবলম্বী হবো সবাই (সাহস)-এর উদ্যোক্তা নাজমুল হুদা রতন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইআরসির ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম সুমন। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
সৈকত সাংস্কৃতিক উত্সব : বাংলাদেশ শিল্পকলা একাডেমি পর্যটন শহর কক্সবাজার সমুদ্রসৈকতে প্রথমবারের মতো ‘সৈকত সাংস্কৃতিক উত্সব ২০২০’—এর আয়োজন করেছে। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনের এ উত্সব। কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় এই উত্সবে সংগীত, নৃত্য, অ্যাক্রোবেটিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবেশনা এবং পারফরমেন্স আর্টসহ বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাঁচ শতাধিক শিল্পী অংশগ্রহণ করবেন। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ ফুট দীর্ঘ প্রতিকৃতি কক্সবাজার সমুদ্রসৈকতে স্থাপন করা হবে। আজ বিকাল ৪টায় কক্সবাজার সমুদ্রসৈকতে অবস্থিত জেলা প্রশাসকের উন্মুক্ত মঞ্চে উত্সব উদ্বোধন করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
