আদালত চলাকালে বারান্দায় ছিনতাই, আটক তিন জন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:০৯

গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দা থেকে ছিনতাইকালে তিন জন ছিনতাইকারী আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের আদালতের সামনে বারান্দায় এ ঘটনা ঘটে। গ্রেফতারদের কাছ থেকে ছিনতাই করা দুটি মোবাইলসেট, টাকা ও একটি চাকু উদ্ধার করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার এসআই নিতাই চন্দ্র সাহা জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অষ্টম তলায় ৫/৬ জনের একদল ছিনতাইকারী মামলার হাজিরা দিতে আসা কাশিয়ানী উপজেলার শাকিল মোল্লাসহ আরো ৩/৪ জনকে ভয়ভীতি দিয়ে কিছু টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে আদালতের নিরাপত্তায় নিয়োজিত এএসএই মো. আজিজুল ইসলাম ছিনতাইকারী তুহিন খান, আরমান কাজী, মাহফুজ সরদারকে  আদালত চত্বর থেকে আটক করেন। তুহিন খান ও মাহফুজ সরদারের বাড়ি শহরের পাঁচুড়িয়ায় ও  আরমান কাজীর বাড়ি শহরতলীর চরমানিকদাহ গ্রামে।