ত্রিশালে ঝুঁকিপূর্ণ ফুটওভারব্রিজ!

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:১২

ত্রিশালে ফুটওভারব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড়ো ধরনের দুর্ঘটনা। ত্রিশাল বাসস্ট্যান্ড মোড়ে ২০১৫ সালে নির্মিত হয় এই ব্রিজ। বর্তমানে লোহার ফুটওভারব্রিজের সিঁড়িগুলো মরিচায় ক্ষয়ে পাতলা হয়ে গেছে। এছাড়া তিনটি পাটাতনের জয়েন্ট খুলে নড়বড়ে হয়ে গেছে। এদিকে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড মোড়ে সম্প্রতি রোড ডিভাইডার নির্মাণ করায় পথচারীদের ফুটওভারব্রিজের ব্যবহার বেড়ে গেছে। আবার অনেকেই ফুটওভারব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ির গতিরোধ করে ডিভাইডারের ওপর দিয়েই চলাচল করছেন। মহাসড়কের দুই পাড়ে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, মসজিদ ও বাজার। তাই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। পথচারী শফিকুল ইসলাম জানান, ওভারব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেকটা ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার হচ্ছি। রাহেলা খাতুন জানান, শুনছি পুল ভাঙা, তাই পুলের নিচ দিয়া যাইতেছি। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওয়াহেদুজ্জামান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে ব্রিজটির মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।