‘২২ মার্চ বিভাগীয় শিক্ষক সমাবেশ’

বরিশালে বেসরকারি কলেজ অধ্যক্ষদের সঙ্গে বাকশিস নেতৃবৃন্দের মতবিনিময়

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:১২

 ‘বঙ্গবন্ধুর শতবর্ষ উদ্যাপন, শিক্ষা হবে জাতীয়করণ’ স্লোগান বাস্তবায়নে বরিশাল বিভাগের সব বেসরকারি কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাকশিস বিভাগীয় কমিটি। বৃহস্পতিবার সকালে নগরীর আমানতগঞ্জের ইসলামিয়া কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। বাকশিস বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ চন্দ্র কুন্ডু, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু ও অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, বরিশাল জেলা বাকশিসের সহসভাপতি অধ্যক্ষ ফরিদ কামাল, পটুয়াখালী জেলা বাকশিসের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাসুম বিল্লাহ, ঝালকাঠী জেলা বাকশিসের সমন্বয়কারী উপাধ্যক্ষ মাসুম কামাল, পিরোজপুর জেলা বাকশিসের সমন্বয়কারী অধ্যাপক শহীদুল ইসলাম, বরগুনা জেলা বাকশিসের সমন্বয়কারী উপাধ্যক্ষ আব্দুল হালিম এবং ভোলা জেলা বাকশিসের সদস্য মামুন অর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন এইচএসসি পরীক্ষার পর বাকশিস বিভাগীয় কমিটির সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী ২২ মার্চ ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ‘বঙ্গবন্ধুর শতবর্ষ উদ্যাপন : শিক্ষা হবে জাতীয়করণ’ শিরোনামে বড়ো পরিসরে ‘শিক্ষক সমাবেশ’ করার সিদ্ধান্ত হয় সভায়।