সন্ত্রাস রুখে দিয়ে গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ার আহ্বান

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের গেস্টরুমে ‘শিবির সন্দেহে’ চার শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনার বিচার চেয়ে গতকাল বিক্ষোভ করে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য ও হামলার শিকার মো. মুকিম চৌধুরীর বিভাগ ট্যুরিজম ও হসপিটালিটি বিভাগের সহপাঠীরা। এ দাবিতে কয়েক দফায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি থেকে তারা নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তোলার জোর দাবি জানান।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বারো সংগঠনের প্ল্যাটফর্ম ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’ এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। শিক্ষার্থী মারধরের ঘটনায় প্রক্টরের পদত্যাগসহ ৪ দফা দাবি এবং ২০১৮ সালের ২৩ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার দুই বছর পূর্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ডাকসুর ভিপি নুরুল হক নুর, সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, রাশেদ খান, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা নাসির উদ্দীন প্রিন্সসহ ছাত্র ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজুতে এসে শেষ হয়। 

চার শিক্ষার্থী নির্যাতনের দাবিতে

সহপাঠীদের প্রতিবাদ

এদিকে চার শিক্ষাথী নির্যাতনের ঘটনার বিচার দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। মারধরের শিকার হওয়া মুকিমের পাশে দাঁড়াতে তার নিজ বিভাগের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে এই দাবি জানান। বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।

তদন্ত কমিটি গঠন:

এদিকে নির্যাতনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেলোয়ার হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। হলের সিনিয়র আবাসিক শিক্ষক মুহাম্মদ জাহিদুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটিতে অন্য দু’জন হলেন- মো. এনামুল হক ও মোহাম্মদ আশরাফ সাদেক।