বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে :আমু

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:৪৯

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র প্রতিহত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকালে গুলিস্থানের মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। 

আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বে একটা অবস্থান করে নিয়েছে, যখন দেশে একের পর এক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তখন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই আমাদের সবাই মিলে তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সিটি নির্বাচনে নৌকা বিজয়ী হবে এমন আশা প্রকাশ                করে বলেন, ‘এই নির্বাচন হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে, বিরোধীদের লড়াই। জঙ্গিমুক্ত, সন্ত্রাসমুক্ত, আলোকিত বাংলাদেশ চাইলে নির্বাচনে নৌকা বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিতে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই। জঙ্গির বাংলাদেশ চাই না।’ সিটি নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠ হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি সব সময় চায় নির্বাচনকে বিতর্কিত করতে। সিটি নির্বাচনে জনগণ যে রায় দেবে আওয়ামী লীগ তা মেনে নেবে। কিন্তু বিএনপিকে বলব—আপনারা শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকুন। মাঠ ছেড়ে পালাবেন না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, বিকল্প ধারা বাংলাদেশের মুখপাত্র মাহিবি চৌধুরী এমপি প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।