দুই শিক্ষার্থীসহ সড়ক দুর্ঘটনায় নিহত সাত

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:৫০

দুই শিক্ষার্থীসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ খালশপুরে ট্রাকচাপায় লামিয়া খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে একই উপজেলার কেষ্টপুর গ্রামের ডাক্তার আবদুল জলিলের মেয়ে ও খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। 

মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ে একটি ট্রেইলরের ধাক্কায় মো. আলাউদ্দিন (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল মিরসরাই পৌরসদরের দক্ষিণ পাশে ইসমাইল কাপের্ট মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলাউদ্দিন মিরসরাই ডিগ্রি কলেজের চতুর্থ বর্ষের ছাত্র এবং উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া গ্রামের মো. শরিয়ত উল্ল্যাহর পুত্র।

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় রুহুল কুদ্দুস (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। রুহুল কুদ্দুস উপজেলার আমদহ গ্রামের রূপচাঁদ আলীর ছেলে। বুধবার আমদহ ইউনিয়ন পরিষদের সামনের একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

ইসলামপুর (জামালপুর): ইসলামপুরের ধর্মকুড়া বাজার পৌর গোরস্থান সড়কে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রশীদুজ্জামান (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার পলবান্ধা উজানপাড়ার বাসিন্দা।

ফটিকছড়ি (চট্টগ্রাম): চাঁন্দের গাড়ির চাকায় পিষ্ট হয়ে রাজেদুল ইসলাম (৬) নামে এক শিশু  নিহত হয়েছে। গতকাল উপজেলার গহিরা-ফটিকছড়ি সড়কের মাইজভাণ্ডার আমতলী এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। শিশুটি উপজেলার আমতলীর ওয়াইজ কাজিবাড়ির ব্যাংকার মোর্শেদুল আলমের পুত্র।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের চররামগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আবদুর রাজ্জাক (৭৫) ও মোটরসাইকেল চালক সদর থানার বঐতারা গ্রামের বেলাল হোসেনর পুত্র সাব্বির (১৬) নিহত হয়েছে। অজ্ঞাত অপর এক আরোহী চিকিত্সাধীন।