পাকিস্তান সফরে বাংলাদেশের প্রথম টেস্টটি আগামী মাসেই। রাওয়ালপিন্ডিতে ৭-১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট। একই মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘরের মাঠেও একটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। সবমিলিয়ে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকবে জাতীয় দল। ক্রিকেটারদের আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতির কথা বিবেচনা করেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আগে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেটের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। আগের মতোই দল চারটিই থাকছে। তবে এবার ফ্র্যাঞ্চাইজি হিসেবে থাকছে না বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক লিমিটেড। বিসিএল থেকে সরে দাঁড়িয়েছে ব্যাংক। দক্ষিণাঞ্চল দলটি প্রাইম ব্যাংক ফ্র্যাঞ্চাইজির অধীনে ছিল। ব্যাংকটি না থাকায় এবারের আসরে দক্ষিণাঞ্চল দলটি বিসিবির অধীনেই থাকবে। এছাড়া শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজি পাওয়া যায়নি উত্তরাঞ্চল দলটির। যেটি বিসিবি চালাচ্ছে বিসিএলের প্রথম আসর থেকে। এখন বিসিএলে থাকছে দুটি ফ্র্যাঞ্চাইজি। মধ্যাঞ্চল থাকছে ওয়ালটন গ্রুপের অধীনে, পূর্বাঞ্চল দলটি ইসলামী ব্যাংক লিমিটেডের হাতেই থাকছে।
গতকাল মিরপুর স্টেডিয়ামে টুর্নামেন্ট কমিটির মিটিং শেষে এসব তথ্য জানানো হয়েছে। মিটিংয়ে ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। মিটিংয়ের পর সাংবাদিকদের বিসিবি এই পরিচালক বলেছেন, ‘বিসিএল আমরা ৩১ জানুয়ারি থেকে শুরু করব ইনশাল্লাহ।’
প্রাইম ব্যাংকের জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজবে বিসিবি। তবে সময় খুব কম হওয়ায় নতুন কোনো প্রতিষ্ঠানকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণাঞ্চল দলটিও বিসিবির হাতে থাকছে জানিয়ে খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘আমরা তো চেষ্টা করছি, এখন সময় তো অনেক অল্প। তেমন হলে বিসিবিকে দায়িত্ব নিতে হবে দল চালানোর জন্য। যেহেতু এটা আমাদের দায়বদ্ধতা এবং আমাদের টুর্নামেন্ট। বিসিবি যেমন এখন নর্থ জোন চালাই এখন সাউথ জোন চালাব। আর এর মধ্যে যদি কোনো স্পন্সর আসতে চায় তাহলে স্বাগত জানাব।’
জাতীয় দলের টেস্টের প্রস্তুতির জন্যই প্রিমিয়ার লিগের আগে বিসিএল শুরু করা হচ্ছে। বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান গতকাল বলেছেন, ‘আমরা তিনভাগে পাকিস্তানে যাচ্ছি। টেস্টের আগে তো আমাদের কোনো প্রস্তুতি নেই। বাংলাদেশের জন্য টেস্টে ভালো করা অনেক গুরুত্বপূর্ণ। দুটি টেস্টের মাঝে জিম্বাবুয়ের বিপক্ষেও একটি টেস্ট ম্যাচ আছে। আমি বিশ্বাস করি ছেলেরা যদি এই ফরম্যাটে খেলতে পারে (বিসিএল), আর সময়ের একটি ব্যাপারও এবার থাকছে, একই সঙ্গে আবহাওয়ার ব্যাপার আছে। সবকিছু চিন্তা করে আমরা বিসিএল এই সময়টায় খেলা আদর্শ হবে বলে মনে করেছি। প্রিমিয়ার লিগে আমরা বাধা দিতে চাই না।’
গোলাপি বলে বিসিএলের ফাইনাল আয়োজনের চিন্তা করছে টুর্নামেন্ট কমিটি। বিসিবির সঙ্গে মিটিংয়ের পর ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেছেন, ‘প্রস্তাব এসেছে যে, পিঙ্ক বলে ফাইনাল খেলাটা হতে পারে কিনা। এটার ব্যাপারে ক্রিকেটারদের জিজ্ঞেস করবে, যদি ওদের কোনো আপত্তি না থাকে তাহলে হয়তো ডে নাইট ম্যাচ হতে পারে।’
