ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
ধামইরহাটে আলুর ভালো ফলনের পাশাপাশি দাম পেয়ে খুশি হাজারো কৃষক। কৃষকরা আমন ধান কাটার পর ঐ জমিতে আলু চাষ করে অতিরিক্ত অর্থ আয় করছেন। এতে আমন ধান চাষে ঘাটতি অর্থ পুষিয়ে নেওয়ার পাশাপাশি একই জমিতে তিন ফলন উত্পাদন করছেন কৃষকরা।
উপজেলার ধানতাড়া গ্রামের কৃষক মো. মাজেদুর রহমান বলেন, ইরি-বোরো ধান কাটার পর তিনি এক একর জমিতে আলু চাষ করেছেন। মাত্র ৬৫ দিনের মধ্যে আলু পরিপক্ব হয়েছে। পাইকাররা তার এক একর জমির আলু খেত থেকে ৭৫ হাজার টাকায় কিনে নিয়েছেন। আলু চাষে তার মোট খরচ হয়েছে ৩০ হাজার টাকা। স্বল্প সময়ে তিনি ৪০ হাজার টাকা আয় করেছেন। বর্তমানে ঐ জমিতে তিনি ইরি-বোরো ধান রোপণের প্রস্তুতি নিচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, বিগত ইরি-বোরো ও আমন মৌসুমে কৃষকরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে অনেকটা ক্ষতির সম্মুখীন হন। কৃষি বিভাগের পরামর্শে কৃষকদের আলুসহ অন্যান্য শাকসবজি চাষে উদ্বুদ্ধ করা হয়। বাজারে আলুর দাম ভালো পেয়ে কৃষকরা বেশ উপকৃত হয়েছে। বর্তমানে এলাকার কৃষক একই জমিতে বছরে তিন ফসল উত্পাদন করছেন।
