স্ত্রীর অভিযোগে মাদকাসক্ত স্বামীর কারাদণ্ড

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২১:৫৯

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্ত্রী পারভীন বেগম। বৃহস্পতিবারই ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ ও ২ হাজার টাকা জরিমানা করে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠায়। দণ্ডাদেশপ্রাপ্ত আব্দুল মালেক (৬০) পৌর শহরের কলেজপাড়ার বাসিন্দা ও মৃত আব্দুর রহমানের ছেলে।

থানার সহকারী পরিদর্শক দেলোয়ার হোসেন জানায়, মালেক মদ্যপান করে প্রতিদিন খারাপ আচরণসহ স্ত্রী-সন্তানকে মারধর করতেন। সকালে পারভীন তার বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বলেন, মাদক সেবনের কথা স্বীকার করায় তাকে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।