কমলগঞ্জে পাচারের সময় গাছসহ গাড়ি জব্দ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:০২

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘড়াবাড়ী থেকে ৫টি ও মুজিবের টিলা নামক স্থান থেকে ৭টি চিকরাশিসহ মূল্যবান বারোটি গাছ কেটে খন্ডাংশ করে পাচারের সময় বনবিভাগ ট্রাকসহ গাছ আটক করে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, চোরদল গাছ কাটার যন্ত্রাংশ নিয়ে বৃহস্পতিবার রাতে বনে প্রবেশ করে একাধারে বারোটি গাছ কেটে খন্ডাংশ করে। পরে গাড়িতে করে গাছ পাচারের প্রস্তুতি নেয়। পরে ট্রাকে তোলার সময় বন বিভাগ খবর পেয়ে গাছের কিছু খন্ডাংশ রেখে ট্রাকটি পালানোর চেষ্টা করে। পিছনে ধাওয়া করে বনবিভাগের বিট কর্মকর্তা আনেয়ার হোসেন ও তার সহযোগীরা রাতে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকা থেকে গাছের খন্ডাংশসহ ঢাকা ট্রাকটি (মেট্রো-ট ২০৭৯৭২) আটক করে। এ সময় চালক ও স্থানীয় গাছ চোররা পালিয়ে যায়। তবে এ ঘটনায় বন বিভাগ কাউকে আটক করতে পারেনি। ট্রাকটি বর্তমানে শ্রীমঙ্গল বন বিভাগের বন্যপ্রাণী রেঞ্জ অফিসের তত্ত্বাবধানে রয়েছে।

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় সহকারী বনকর্মকর্তা মো. আনিসুর রহমান গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন, গাছগুলো নিয়ে যেতে পারেনি। আটক করা হয়েছে। এ ব্যাপারে সিআর মামলা করা হবে।