ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। এ নিয়ে ৪১ বারের মতো সময় পেছানো হলো। কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি তদন্ত কর্মকর্তা। গত বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আবারও সময় চান তিনি। ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আগামী ২৪ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য পুনরায় দিন ধার্য রাখেন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়ে যায়। পরে হ্যাকার গ্রুপ অর্থপাচারের মাধ্যমে ঐ টাকা ফিলিপাইনে পাঠিয়ে দেয়। ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা করেন।
