ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
ত্বরীক্বায়ে মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউছুল আযম শাহ্সূফী আল্লামা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) ১১৪তম বার্ষিক উরশ শরিফ গতকাল দিনব্যাপী কর্মসূচি পালনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। ওরস উপলক্ষ্যে চট্টগ্রামসহ দেশের দূর-দূরান্ত থেকে আসা লাখো ভক্ত জনতার অংশগ্রহণে দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাত হয়। ওরস উপলক্ষ্যে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মনজিল, আঞ্জুমানে রহমান মনজিল, গাউছিয়া হক মনজিল, শাহ এমদাদিয়া মনজিলের পক্ষে আলাদা আলাদা আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয়। আন্জুমানে রহমানিয়া মইনীয়া মনজিলে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সভাপতি সাজ্জাদানশীন রাহবারে শরিয়ত ও ত্বরীক্বত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।
এদিকে ওরস উপলক্ষ্যে মাইজভাণ্ডার দরবার শরিফে আসা লাখ লাখ আশেকানে মাইজভাণ্ডারীর পদভারে সমগ্র দরবার শরুিফ এবং আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। উরসে আসা ভক্তদের নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনীর পাশাপাশি শত শত মাইজভাণ্ডারী স্বেচ্ছাসেবককে শান্তিশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে দেখা যায়। গতকাল শুক্রবার রাতে আখেরি মোনাজাতের পরপর আগত ভক্তদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। ওরস সুন্দরভাবে পালনের জন্য মাইজভাণ্ডার ওরস কমিটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি সব মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
