ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার দুপুর ১টায় প্রধানমন্ত্রী এই শ্রদ্ধা জানান। এরপর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে প্রধানমন্ত্রী ফাতহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এরপর প্রধানমন্ত্রী নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, মতিয়া চৌধুরীসহ গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়াসহ ৫ উপজেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। জুমার নামাজের পর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে, বেলা ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় হেলিপ্যাডে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে স্বাগত জানান। বিকাল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।
