বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের গোল্ডেন জুবিলি এবং অ্যাকাউন্টিং অ্যালামনাইর ২৫ বছর পূর্তি উদ্যাপিত হয়েছে।
গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আলোচনা সভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এ সময় তিনি ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। এসব কর্মসূচি সফল করতে বিভাগের ও বিভাগের অ্যালামনাইসহ সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। চেয়ারম্যান অধ্যাপক ড. রিয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক, অধ্যাপক এম মঈনউদ্দিন খান, অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি স্বদেশ রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক এম তোফায়েল আহমেদ বক্তব্য রাখেন।
