জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা কিন্তু বাংলাদেশের কথা কল্পনাই করতে পারতাম না। আজকের যারা নতুন প্রজন্ম হয়ত এ কথা ভাবতে পারবে না সেই ১৯৭১ সালে একটি দেশকে স্বাধীন করা কত কঠিন ছিল। তখন কিন্তু ইন্টারনেট, ফেসবুক ছিলো না, যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। সেই সময়ে একজন নেতা নৌপথে যোগাযোগের মাধ্যমে পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে একটি দেশ স্বাধীন করেছেন। এটা অন্য কারো দ্বারা সম্ভব হতো না। ঠিক সেই একইভাবে শেখ হাসিনার জন্ম না হলে আমরা কিন্তু উন্নত বাংলাদেশ পেতাম না।’
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে মাদারীপুরের শিবচরের উৎরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে সকালে তিনি প্রধান অতিথি হিসেবে শিবচর বাজারের খলিফা পট্রির হাসান সুপার মার্কেটের দ্বিতীয়তলায় এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, সূর্যনগর মাহ্ফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী তাকসিম এ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ সামসুদ্দিন খান, ইউএনও মো. আসাদুজ্জামান, ওসি আবুল কালাম আজাদ, উৎরাইল বহুমুখী উচচ বিদ্যালয়ের পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি মোসলেহ্ আলম চৌধুরী, প্রতিষ্ঠাতা পরিবারের সন্তান আনিসুল কাদের চৌধুরী, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোসলেম উদ্দিন খান, ডা: ওমর ফারুক লপ্তি, সুইডেন প্রবাসী মো: আহসান মিয়া, এনআরবিসি ব্যাংকের শিবচর উপশাখার ইনচার্জ মো. আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় চীফ হুইপ তার বক্তব্যে আরো বলেন, ‘স্বচ্ছতা, কার্যকর সেবা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে এনআরবিসি ব্যাংক ব্যাকিং সেক্টরে একটি ব্যবসা বান্ধব ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হবে। এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে পাশে থাকবে। অল্প সময়ের মধ্যেই আমাদের স্বপ্নের পদ্মা সেতুর কাজ শেষ হবে। পদ্মা সেতুকে ঘিরে সরকারের পক্ষ থেকে অনেক বড়ো বড়ো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
চীফ হুইপ আরো বলেন, ‘আমি যখন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই তখন মাত্র তিন লাখ টাকা বাজেটে ব্রিজ নির্মাণ করেছি, আর এখন একশ কোটি টাকা বাজেটে ব্রিজ নির্মাণ করা সম্ভব হচ্ছে। এই যে পরিবর্তন এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। দেশ এগিয়ে যাচ্ছে, শিবচরও এগিয়ে যাচ্ছে। পরে চীফ হুইপ সূর্যনগর মাহ্ফুজা নিশাত বালিকা উচচ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।’
ইত্তেফাক/এসি
