স্পোর্টস ডেস্ক
পাওলো দিবালার দলবদল নিয়ে গেল দলবদল মৌসুমে বেশ সরবই ছিল ইউরোপীয় সংবাদমাধ্যম। এবার জুভেন্তাস তারকা নিজেও সেসব গুঞ্জনের সত্যতা জানালেন।
সম্প্রতি গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি জানান, গেল দলবদলেই ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা টটেনহ্যাম হটস্পারে পাড়ি জমাতেন তিনি। তবে শেষ মুহূর্তে ক্লাবের চাওয়ায় থেকে গেছেন তুরিনেই। দিবালা বলেন, ‘জুভেন্তাস ছাড়ার খুব কাছাকাছি ছিলাম আমি। এটাই ক্লাব ভাবছিল, আমিও জানতাম। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম।’
অদূর ভবিষ্যতেও তুরিন ছাড়ার সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চুক্তিতে দুই বছর বাকি আছে আমার। এটা খুব কম সময় নয়, তবে খুব বেশিও নয়। আমরা দেখব জুভেন্তাস কেমন পরিকল্পনা সাজায়। যদি তারা চায় তাহলে পরবর্তী মৌসুমেই দল ছাড়তে পারি আমি।’
তবে জুভেন্তাসের হয়েও সুখেই আছেন দিবালা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভাষ্য, ‘কিন্তু আমি এখানে ভালোই আছি। ক্লাবটা আমার সঙ্গে ভালোভাবেই আচরণ করছে। সারির আগমনও আমাকে সাহায্য করেছে। তিনিই আমাকে রাখতে চেয়েছেন।’ ২০১৫ সালে যখন পালের্মো থেকে জুভেন্তাসে আসার আগে পালের্মো সভাপতি মাউরিজিও জাম্পারিনি তাকে ‘নতুন আগুয়েরো’ আখ্যা দিয়েছিলেন। তবে দিবালা এমন তুলনায় নারাজ। জানালেন ‘দিবালা’ই হতে চান তিনি, ‘যদি আপনি এটা বিশ্বাস করেন তাহলে এটা আপনার ওপর চাপ সৃষ্টি করে। কিন্তু আমি সবসময়ই বলে এসেছি যে ‘নতুন যে কোনো কিছু’ হতে চাই না আমি। আমি চাই আমার গোলগুলো, বল নিয়ে এগিয়ে যাওয়াকে লোকে ‘দিবালার মতো’ই বলুক, অন্য কারো মতো নয়।’
