তীব্র শীতে ফুলবাড়ীতে জনজীবন বিপর্যস্ত

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৩৬

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

টানা পাঁচ দিন থেকে ফুলবাড়ীতে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় ফুলবাড়ী উপজেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা গত কয়েক দিনের চেয়ে আজ কিছুটা বাড়লেও উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীতের তীব্রতা কমেনি উত্তরের এই জনপদে। শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন ছিল। এর আগে ২১ জানুয়ারি তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ২২ জানুয়ারি তা কমে দাঁড়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। ২৩ জানুয়ারি রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এদিকে শৈত্যপ্রবাহের কারণে কুড়িগ্রামের ফুলবাড়ীর নদীপাড় এবং চরাঞ্চলের মানুষ চরম বিপাকে পড়েছেন। এছাড়াও ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ এবং শিশু ও বৃদ্ধরাও।