ঝিনাইদহে তিন দিনব্যাপী নজরুল সম্মেলন শুরু

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৪৮

ভ্রাম্যমাণ প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। 

জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর হারুন-উর-রশিদ আসকারী বলেন, আমাদের জাতীয় কবি নজরুল ছিলেন মানবতাবাদী ও সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। মৌলবাদী চেতনার বিরোধী ছিলেন। অকুতোভয় ও দ্রোহী চেতনার এ কবি  ছিলেন একজন বিস্ময়কর বাঙালি প্রতিভা। তিনি নজরুলকে মননে গ্রহণ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। নজরুলের মানবতাবাদী চেতনা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তার রচনাবলি পৃথিবীর প্রধান প্রধান ভাষায় অনুবাদের জন্য নজরুল  ইনস্টিটিউটের প্রতি আহ্বান জানান সরোজ কুমার। অনুষ্ঠানে মুখ্য আলোচক কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঞা বলেন, কালজয়ী পুরুষ নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনার একজন শ্রেষ্ঠ বাঙালি সন্তান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান প্রফেসর ড. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইসলাম ইনস্টিটিউটের সচিব মো. আব্দুর রহিম।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার থেকে শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে আগামী সোমবার। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে কবির গান পরিবেশন ও তার জীবন দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।