বন্ধ হলো দশম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৫২

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

উখিয়ায় শুক্রবার রাত ১০টায় হলদিয়া পাতাবাড়ি ৫ নম্বর ওয়ার্ডে কনে সুজিনা আক্তারের (১৬) বাড়িতে বর পক্ষ হাজির হয়। বাল্যবিবাহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বর আব্দুল কাদের (২৭) পালিয়ে যায়।

পরে মা-বাবাসহ কনেককে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. ইমামুল আহসান খানের সামনে হাজির করা হয়। এ সময় জোহর আলমের মেয়ে সুজিনা আক্তার জানায়, সে পাতাবাড়ি আইডিয়াল স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তার ইচ্ছার বিরুদ্ধে তার বাবা-মা বিবাহের আয়োজন করেছে। রামু উপজেলার পূর্ব গোয়ালিয়া খুনিয়াপালং গ্রামের এরশাদুল্লার ছেলে আব্দুল কাদেরের সঙ্গে শুক্রবার বিবাহের দিন ধার্য ছিল ।

উখিয়া থানার এসআই শাহ আলম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়। পরে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সুজিনা আক্তারকে বিবাহ না দেওয়ার প্রতিশ্রুতিমূলক মুচলেকা নিয়ে বাবা-মার জিম্মায় সুজিনা আক্তারকে দেওয়া হয়।