শিশু চলচ্চিত্র উত্সবে আনন্দের বন্যা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৫৫

ইত্তেফাক রিপোর্ট

‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে চলছে আট দিনব্যাপী ১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব বাংলাদেশ ২০২০। গতকাল উত্সবের দ্বিতীয় দিনে আনন্দের বন্যা বয়ে গেছে উত্সব প্রাঙ্গণে। বড়োদের হাত ধরে এসেছিল শিশুদের দল। সকালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে সাউথ পয়েন্ট স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী আর দুপুরে সেন্ট গ্রেগরী উচ্চবিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী চলচ্চিত্র উপভোগ করে।

আলিয়ঁস ফ্রঁসেসে সকাল ১১টায় খুদে চলচ্চিত্র নির্মাতাদের সিনেমাটোগ্রাফি বিষয়ক কর্মশালা পরিচালনা করেন সিনেমাটোগ্রাফার নেহাল কুরাইশি এবং সন্ধ্যায় বিশেষ অধিবেশন কর্মশালা পরিচালনা করেন মনোবিশেষজ্ঞ অ্যান্নী বারোই।

আজ রবিবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি শওকত ওসমান মিলনায়তনে, সকাল ১১টায়, দুপুর ২টায়, বিকাল ৪টায় ও সন্ধ্যা ৬টায় চলচ্চিত্র প্রদর্শিত হবে, জাতীয় জাদুঘর সুফিয়া কামাল মিলনায়তনে দুপুর ৩টায় শিশু চলচ্চিত্র নির্মাতা ও তরুণ নির্মাতাদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে। সকালে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শিশু-কিশোর চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা পিপলু আর খান।

সন্ধ্যায় ‘ফেস টু ফেস’ সেশনে সারাদেশ থেকে আগত শিশু নির্মাতারা তাদের চলচ্চিত্র নির্মাণের প্রতিকূলতাসহ নানা বিষয় নিয়ে প্রশ্নোত্তরের মুখোমুখি হবে এ সেশনে।