সুস্থ বিনোদন ও খেলার মাঠ চায় এলাকাবাসী

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৫৫

ঢাকা উত্তর সিটি করপোরেশন, ওয়ার্ড ২৮

নিলয় মামুন

৩৭ হাজার ৪৮৭ জন ভোটার নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড। এখানে জনসংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজার। আগারগাঁও স্টাফ কোয়ার্টার, পশ্চিম আগারগাঁও, কাফরুল, তালতলা স্টাফ কোয়ার্টার, শ্যামলী রোড-১, মহাকাশ বিজ্ঞান ভবন, জি টাইপ কোয়ার্টার এলাকাসহ গুরুত্বপূর্ণ বহু প্রতিষ্ঠান রয়েছে এই ওয়ার্ডের মধ্যে। এর আয়তন ১ দশমিক ৫২৮ বর্গ কিলোমিটার। এখানে পুরুষ ভোটার ১৮ হাজার ৯৪৮ জন ও নারী ভোটার ১৮ হাজার ৫৩৯ জন। সরকারি কমিউনিটি সেন্টার ও খেলার মাঠসহ সুস্থ বিনোদনের ব্যবস্থা চান নির্বাচিত কাউন্সিলরের কাছে এলাকাবাসী।

এবার এই ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে সমর্থন দেওয়া হয়েছে ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফোরকান হোসেনকে। তার নির্বাচনি প্রতীক ঘুড়ি। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। এছাড়া ওয়ার্ডটিতে আওয়ামী লীগের আর কোনো বিদ্রোহী প্রার্থী নেই। ফোরকান হোসেন বলেন, আমি নির্বাচনের প্রচারণায় মানুষের ঘরে ঘরে যাচ্ছি। এই এলাকায় গত পাঁচ বছরে বহু কাজ করেছি। এখনো বিভিন্ন প্রজেক্টের কাজ চলছে। গাড়ি পার্কিং, ফুটপাতে পথচারীদের বসার জায়গাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছি। তবে এখন এলাকায় একটি সরকারি কমিউনিটি সেন্টার ও খেলার মাঠ দরকার। সেটি নির্বাচিত হলে করব।

এছাড়া পাশাপাশি ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। এখানে বিএনপি থেকে সমর্থন দেওয়া হয়েছে আফতাব উদ্দিনকে। তার নির্বাচনি প্রতীক কাঁটা চামচ। তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি।

আফতাব উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ওয়ার্ডবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাকে নির্বাচিত করলে এই ওয়ার্ডে বিদ্যমান সমস্যা—ভাঙা রাস্তা, মশক নিধনসহ সিটি করপোরেশনের যাবতীয় নাগরিক সেবা নিশ্চিত করার চেষ্টা করব। পাশাপাশি ঈদগাহ মাঠের আধুনিকায়ন, সরকারি কমিউনিটি সেন্টার নির্মাণ ও ফুটপাত দখলমুক্ত করে মানুষের চলাচল নিশ্চিত করব।

দলমত নির্বিশেষে সবাইকে পাশে নিয়ে ওয়ার্ডের সমস্যা সমাধানের কাজ করবেন বলে তিনি জানান। এই ওয়ার্ডে আরেক জন প্রার্থী রয়েছেন। যিনি ঝুড়ি প্রতীক নিয়ে লড়ছেন। জয়নাল আবেদীন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।