ইত্তেফাক রিপোর্ট
পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে তার স্ত্রী ও দুই সন্তানের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ উঠেছে। ঐ কনস্টেবল তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দিয়ে তিন মাস জেল খাটিয়েছিলেন। কনস্টেবল জহিরুল ইসলাম চট্টগ্রামের আগ্রাবাদস্থ পুলিশ লাইন্সে কর্মরত। গতকাল তার স্ত্রী রুনু সুলতানা রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে রুনু সুলতানা বলেন, তাদের সংসারে নিহা (৮) ও আজিম (১৮ মাস) নামে দুই সন্তান রয়েছে। গত ঈদুল আজহার পরদিন তার স্বামী কোনো একটি স্থানে যাওয়ার পর প্রতিপক্ষ তার পুরুষাঙ্গ সামান্য কেটে দেয়। এ ঘটনার জের ধরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তার স্বামী থানায় গিয়ে একটি মামলা করেন। মামলায় তাকে, তার মা ও ভাইদের আসামি করেন। এ মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। তিন মাস পর তিনি জামিনে মুক্তি পান। এখন তিনি তার স্বামীর কাছে ফিরে যেতে চান। কিন্তু তার স্বামী তাকে গ্রহণ না করে উলটো আরো মামলার হুমকি দিচ্ছেন। পরিবারের ভরণপোষণের কোনো টাকাই দিচ্ছেন না।
