মুজিববর্ষ পালনের সুযোগ বাঙালির জীবনে বড়োই সৌভাগ্যের :নাসিম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২২:৩২

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, মুজিববর্ষ পালনের সুযোগ আমাদের জীবনে, একজন বাঙালির জীবনে বড়োই সৌভাগ্যের, অনেক বড়ো পাওয়া। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে জাতি সেই সুযোগ পেয়েছে। নাসিম বলেন, মুজিববর্ষে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। স্বাধীনতার পক্ষের শক্তি মুজিব ভক্তরা কখনো পরাজিত হতে পারে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নিরপেক্ষ নির্বাচনের নজির রয়েছে মন্তব্য করে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে এবং বগুড়ার দুপচাঁচিয়ায়  দুইটি পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে। আওয়ামী লীগ যদি নিরপেক্ষ নির্বাচন না করতো বিএনপি কীভাবে  বিজয়ী হয়—প্রশ্ন রেখে তিনি বলেন, আসলে হারলে কারচুপি আর জিতলে নিরপেক্ষ নির্বাচন এটাই বিএনপির অভ্যাস ও চিরাচরিত অভিযোগ। নাসিম শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভীর ইমাম এমপি, সাবেক এমপি ম ম আমজাদ হোসেন মিলন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। মোহাম্মদ নাসিম প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হবার পর দলীয় কার্যালয়ে উপস্থিত হলে দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাহী কমিটির সব সদস্যের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।