চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগ প্রার্থী জিয়াউর রহমানের প্রধান নির্বাচন অফিসে ককটেল হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস বাদী হয়ে শনিবার গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ শুক্রবার রাত ও শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- বাঙ্গাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, জামায়াত নেতা মাইনুল ইসলাম ও সাইদুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মানিক রায়হান।
আরো পড়ুন: মেলান্দহ স্বেচ্ছাসেবক লীগ কর্মীর গলাকাটা লাশ উদ্ধার
এদিকে শুক্রবার রাতের ওই ঘটনায় বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বের করা বিক্ষোভ মিছিল থেকে বিএনপির বিভিন্ন নির্বাচনী অফিস ভাঙচুর ও পোস্টর ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম। এ ঘটনায় তার পক্ষে শনিবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম তুহিন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানকে শনিবার একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, শুক্রবার রাতের ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করার পর গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ওই ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
ইত্তেফাক বিএএফ
