মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মিঠাপুকুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। শনিবার বিকালে ঘোড়দৌড় দেখতে লাখো মানুষের ঢল নামে। উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি। প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, আওয়ামী লীগ নেতা মেসবাহুর রহমান প্রধান, আনোয়ার সাদাত লেমন প্রমুখ। উপজেলার শঠিবাড়ী বন্দরের অদূরে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে বিশাল খোলা মাঠে এক বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী ঘোড়া ও মালিককে পুরস্কৃত করা হয়।
