শেষটা ভালো চান শফিউলরা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:২৫

স্পোর্টস রিপোর্টার

বল হাতে অন্তত দুটি ম্যাচেই শফিউল ইসলামের কল্যাণে শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতেই শফিউল দ্রুত পাকিস্তানের প্রথম উইকেট তুলে নিয়েছেন। এই সিরিজে এখন পর্যন্ত বাংলাদেশের সাফল্য বলতে এটুকুই। পাকিস্তান সফরে এ ছাড়া হতাশা আর হতাশা। শুরুর দিকের ব্যাটসম্যানরা উইকেটে থেকেও রানের চাকা ঘোরাতে পারছেন না। পরের ব্যাটসম্যানরা এসে ঝড় তুলতে পারছেন না। সমানে ক্যাচ পড়ছে ফিল্ডিংয়ের সময়। বোলাররা সহজ বল করে আরো সহজ করে দিচ্ছেন পাকিস্তানের কাজ। অবশ্য পেসার শফিউল ইসলাম মনে করছেন, তাদের সময়টা এতটা খারাপ কাটছে না। আসলে সামান্য কিছু ভুলের কারণে দলটা সাফল্য পাচ্ছে না বলে তিনি মনে করছেন। শফিউলের কথা হলো, তারা ম্যাচ জিততেই এসেছিলেন পাকিস্তানে। কিন্তু সে জয় এখনো পর্যন্ত আসেনি। তবে শেষ ম্যাচে অন্তত জয় দিয়ে সফরটা শেষ করতে চান তারা।

প্রথম দুই ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে শফিউল বলছিলেন, তাদের এর চেয়ে ভালো করার সামর্থ্য ছিল। যদিও পাকিস্তানের এই দলটার চেয়ে নিজেদের খুব অভিজ্ঞ মনে করছেন না তিনি। তারপরও তার ধারণা, আরো ভালো ফল করা উচিত ছিল,‘আমাদের সামর্থ্য ছিল এর চেয়ে ভালো করার। কিন্তু আমাদের দলটা ধরতে গেলে একটা তরুণ দলই। কারণ হচ্ছে, রিয়াদ ভাই আর তামিম ভাই ছাড়া আমরাও তরুণ দল। হ্যাঁ, আমরা বিপিএল খেলে এসেছি। ফলে আমাদের আরো ভালো করা উচিত ছিল।’

শফিউল মনে করেন, দুটো ম্যাচে ছোটোখাটো কিছু সমস্যা ম্যাচগুলোকে পাকিস্তানের দিকে ঠেলে দিয়েছে। তিনি বলছিলেন, ‘আমি মনে করি আরো ভালো করা উচিত ছিল। প্রথম ম্যাচে হয়তো ৫টা বা ১০টা রান কম হয়েছে। দ্বিতীয় ম্যাচে বাবর আজম আর হাফিজ ভালো খেলেছে। ওরা আসলে ভালো খেলেছে বলে ফল ওদের পক্ষে গেছে। আমরা ভালো খেলতে পারিনি। তবে আমাদের আরো ভালো খেলা উচিত ছিল।’ সামর্থ্য থাকার পরও কেন সাফল্য আসছে না, সেটা শফিউলও বুঝতে পারছেন না। তবে এটা বুঝতে পারছেন যে, ছোটো ভুল বড়ো হয়ে যাচ্ছে, ‘কেন হচ্ছে না, এটা তো ক্রিকেটে বলা যায় না। সবাই চেষ্টা করেছে। ভালো খেলার চেষ্টাই করেছে। ওদের ভালো দিন গেছে। আমরা ছোটোখাটো কিছু মিসটেক করেছি। টি-টোয়েন্টি খেলায় ছোটো মিসটেকগুলোই অনেক বড়ো হয়ে যায়। এজন্যই আমাদের দিকে রেজাল্ট আসেনি।’

শফিউল মনে করেন, তারা দলগতভাবে জয় পেতেই পাকিস্তান এসেছিলেন। অন্তত শেষ ম্যাচে সেটা চান তারা, ‘না, দেখেন আমরা যেখানেই খেলি, পাকিস্তান বা অন্য কোথাও, আমরা তো জেতার জন্যই এসেছি। এখানে আমরা ম্যাচ জিততেই চেয়েছিলাম। কিন্তু সেটা হয়নি। এখন একটা ম্যাচ বাকি আছে। এই একটা ম্যাচ ভালো খেলে শেষ করতে চাই।’

 

 

‘এখন একটা ম্যাচ বাকি আছে। এই একটা ম্যাচ ভালো খেলে শেষ করতে চাই।’