স্পোর্টস ডেস্ক
রজার ফেদেরার তৃতীয় রাউন্ডেই জন মিলম্যানের বিপক্ষে খেলেছিলেন প্রায় চার ঘণ্টা দীর্ঘ স্নায়ুক্ষয়ী এক ম্যাচ। সেই জয়ের পর গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে মার্টন ফুচসোভিচের বিপক্ষে যখন শুরুর সেটে হারলেন, ধারণা করা হচ্ছিল টানা ম্যাচের ধকল তাকে সামলাতে দিচ্ছে না বয়সের ভার। তবে সব ধারণা ভুল করে দুর্দান্তভাবে পরের তিনটি সেট জিতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন ফেডেক্স।
এদিকে নোভাক জকোভিচ চলতি আসরে তাদের অপ্রতিরোধ্য ফর্মটা ধরে রেখেছেন। আর্জেন্টাইন প্রতিপক্ষ দিয়েগো শোয়ার্টজম্যানকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা ধরে রাখার পথে আরো একধাপ এগিয়ে গেছেন তিনি। নারী এককে অ্যাশলে বার্টি, পেত্রা কভিতোভারা পরের রাউন্ড নিশ্চিত করলেও বিদায়ঘণ্টা বেজেছে বিস্ময়কন্যা কোকু গাফের।
গতকাল রবিবার রড লেভার অ্যারেনায় শুরুর সেটে হাঙ্গেরিয়ান ফুচসোভিচের দারুণ পারফরম্যান্সের সামনে কিছটা ম্লানই ছিলেন ফেদেরার। তবে সেটটিতে ৪-৬ ব্যবধানে হারার পরই যেন স্বরূপে ফিরলেন ছয়বারের অজি ওপেনজয়ী। টানা সাতটি গেম জিতে পরের দুই সেট জেতেন ৬-১, ৬-২ ও ৬-২ ব্যবধানে।
আসছে আগস্টে ৩৮-এ পা দেবেন ফেদেরার। এ বয়সে আর যা হোক চার ঘণ্টা দীর্ঘ ম্যাচ খেলাটা চাট্টিখানি কথা নয়। ফেদেরার জানালেন, ম্যাচের ধকলটা এখনো কাটাতে পারেননি তিনি। সুইস তারকার ভাষ্য, ‘সে ম্যাচের পরের দুই সকালে ঘুম থেকে উঠে এক ঘণ্টা কেবল কী করে উঠে দাঁড়াবো তাই ভেবেছি।’
শুরুর সেটে বেজলাইন থেকে মার্টনের করা সব ‘বিটডাউন’গুলোর উপযুক্ত জবাব দিতে পারছিল না ফেদেরারের ব্যাকহ্যান্ড শটগুলো। যার ফলেই কিছুটা আত্মবিশ্বাসে টান লেগেছিল তার। ফেদেরার বলেন, ‘শুরুটা কঠিন ছিল। আমার মনে হয় মার্টন পরিষ্কার খেলেছিল। মিলম্যানের পর এই ছেলেটাও আমাকে বেজলাইন থেকে বিটডাউন দিচ্ছিল আমাকে। সম্ভবত এটাই আমার আত্মবিশ্বাসে কিছুটা আঘাত দিয়েছিল।’
এই জয়ের পর আগামীকাল মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে টেনিস স্যান্ডগ্রেনের বিপক্ষে খেলবেন ফেদেরার। দিনের শুরুতে সরাসরি সেটে জেতা জকোভিচ খেলবেন মিলোস রাওনিচের বিপক্ষে।
নারী একক থেকে গতকাল বিদায় নিয়েছেন এর আগে ভেনাস উইলিয়ামস ও নাওমি ওসাকাকে হারানো কোকু গাফ। স্বদেশী সোফিয়া কেনিনের বিপক্ষে শুরুর সেটে জিতলেও পরের দুই সেটে হার বিদায় নিশ্চিত করে তার। তবে দিনের অন্য ম্যাচে অ্যাশলে বার্টি অ্যালিসন রিস্ককে ৬-৩, ১-৬, ৬-৪ গেমে আর পেত্রা কভিতোভা মারিয়া সাক্কারিকে ৬-৭, ৬-৩, ৬-২ গেমে জিতে শেষ আট নিশ্চিত করেন।
