স্পোর্টস রিপোর্টার
পাকিস্তান সফরটা না হলে জিম্বাবুয়ের এই বাংলাদেশে আসাটা হয়তো এগিয়ে আসত। শেষ পর্যন্ত আগের সিদ্ধান্তমতোই ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। এই সফরে দুই দল একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
আইসিসির ভবিষ্যত্ সফরসূচিতে (এফটিপি) এই সিরিজটা ছিল মার্চ মাসে। বিভিন্ন কারণে সেখান থেকে সামান্য এগিয়েই দাওয়াত দেওয়া হয়েছে জিম্বাবুয়েকে।
১৫ ফেব্রুয়ারি প্রায় এক মাসের এই সফরে বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে দল। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি তারা ঢাকায়ই একটি অনুশীলন ম্যাচ খেলবে। সেই ম্যাচের প্রতিপক্ষ বা ভেন্যু অবশ্য ঠিক হয়নি। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২২ তারিখ থেকে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
এই টেস্ট শেষে দুই দল চলে যাবে চট্টগ্রামে। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ১ মার্চ, ৩ মার্চ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। তিনটি ম্যাচই দিবারাত্রির ম্যাচ।
এরপর আবার ঢাকায় এসে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ৯ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দুটি ম্যাচই হবে দিবারাত্রির।
বাংলাদেশ-জিম্বাবুয়ে
সূচি
তারিখ খেলা ভেন্যু
২২-২৬ ফেব্রু. একমাত্র টেস্ট মিরপুর
১ মার্চ ১ম ওয়ানডে চট্টগ্রাম
৩ মার্চ ২য় ওয়ানডে চট্টগ্রাম
৬ মার্চ ৩য় ওয়ানডে চট্টগ্রাম
৯ মার্চ ১ম টি-টোয়েন্টি মিরপুর
১১ মার্চ ২য় টি-টোয়েন্টি মিরপুর
