ডিএসইর সূচক বাড়লেও কমেছে লেনদেন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:৪০

 ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উন্নতি হলেও আগের কার্যদবিসের চেয়ে লেনদেন কমেছে। এ নিয়ে টানা তিন কার্যদিবস মূল্যসূচক ঊর্ধ্বমুখী হলো। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। গতকাল ডিএসইতে মোট ৩৫৬টি কোম্পানির ১৭ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ৯৬৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪৭৪ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫১৪ কোটি ৩৯ লাখ টাকার। সে হিসাবে লেনদেন কমেছে ৪০ কোটি টাকার বেশি। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৮ দশমিক ২০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪৫ দশমিক ৮৬ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহসূচক শূন্য দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৫ দশমিক ২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে বেশি লেনদেন হয়েছে লাফার্জ-হোলসিমের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এসএস স্টিলের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৯০ লাখ টাকার। এর পরেই লেনদেনের শীর্ষে ছিল এডিএন টেলিকম, স্কয়ার ফার্মা, কেপিসিএল, ন্যাশনাল টিউবস, প্যারামাউন্ট টেক্সটাইলস, বিএসসিসিএল, পাইওনিয়ার ইনসিওরেন্স ও ন্যাশনাল পলিমার। এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিকসূচক সিএএসপিআই গতকাল ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯২ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৬ কোটি ২ লাখ টাকার। লেনদেনে অংশ নেওয়া ২৪৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।