ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন
ইত্তেফাক রিপোর্ট
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন গতকাল রবিবার বারিধারায় চ্যান্সেরি প্রাঙ্গণে ৭১তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন করেছে। হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন। ভারত থেকে আগত ভারতীয় সেনাবাহিনীর মহার রেজিমেন্টাল ব্যান্ড অনুষ্ঠানে ভারতীয় জাতীয় সংগীত পরিবেশন করে।
এ সময় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেন, স্বাধীনতায় উজ্জীবিত হয়ে দেশের সকল মানুষের হাত ধরে ভারত গৌরবের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের জনগণ দেশের উন্নয়নে বিভিন্নভাবে অবদান রাখছেন। ঢাকায় অবস্থানরত বিপুলসংখ্যক ভারতীয় নাগরিক প্রজাতন্ত্র দিবস উদ্যাপনে যোগ দেন এবং তাদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বৈচিত্র্যের মাঝে ভারতের ঐক্যকে তুলে ধরেন।
এদিকে, গতকাল সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এছাড়া সংসদ সদস্য, রাজনীতিক, কূটনীতিক, ব্যবসায়ী, ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, সম্পাদক, সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ যোগ দেন।
