১০ মিনিটে চার বিস্ফোরণে কাঁপল আসাম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২২:১৩

প্রজাতন্ত্র দিবসের সকালেই পরপর জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল আসাম। মাত্র ১০ মিনিটের মধ্যে চারটা বিস্ফোরণ ঘটে ডিব্রুগড় ও চরাইদেওয়ে। এর মধ্যে তিনটি বিস্ফোরণ হয় ডিব্রুগড়ে এবং চরাইদেওয়ে একটি ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। উলফা এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। গতকাল ২৬ জানুয়ারি ছিল ভারতের প্রজাতন্ত্র দিবস। খবর আনন্দবাজার পত্রিকা ও পিটিআইয়ের

সকাল সোয়া ৮টা থেকে ৮টা ২৫ মিনিটের মধ্যে সব কটি বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি হয় চরাইদেওয়ের সোনারি থানার তেওকঘাটের কাছে একটি দোকানে। বাকি তিনটি বিস্ফোরণ হয় ডিব্রুগড়ের গ্রাহাম বাজার, এটি রোডে গুরুদ্বারের কাছে এবং দুলিয়াজান তিনিয়ালিতে। প্রজাতন্ত্র দিবস এবং ছুটির দিন হওয়ায় লোকজন রাস্তায় খুব কম থাকায় হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।

ডিব্রুগড়ের অতিরিক্ত পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া সংবাদ সংস্থা পিটিআইকে জানান, দুলিয়াজান তিনিয়ালি বাজারের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই মোটরসাইকেল আরোহী গ্রেনেড ছুড়ছে। তারপরই তারা সেখান থেকে পালিয়ে যায়। তিনি আরো জানান, গ্রাহাম বাজার এবং এটি রোডে বিস্ফোরণে টাইমার লাগানো আইইডি ব্যবহার করা হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের বিররুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, এটা কাপুরুষের কাজ। রাজ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করতেই প্রজাতন্ত্র দিবসকে বেছে নিয়েছে জঙ্গিরা। রাজ্যের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। সেই হতাশা থেকেই এমন কাজ করছে জঙ্গিরা। আমাদের সরকার দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।

উলফার দায়িত্ব স্বীকার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন গতকাল এক বিবৃতিতে চারটি বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে। লেফটেন্যান্ট জয় আসোম               স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দায়িত্ব স্বীকার করে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছিল উলফাসহ উত্তর-পূর্ব ভারতের কয়েকটি জঙ্গিগোষ্ঠী।