সাভারে স্ত্রীর সহযোগিতায় শ্যালিকাকে ধর্ষণ, ভাইয়ের শিশুপুত্রকে অপহরণ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২২:১৪

সাভারে স্ত্রীর সহযোগিতায় কিশোরী শ্যালিকাকে ধর্ষণ ও ভাইয়ের শিশুকন্যাকে অপহরণের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব। অপহূত দুই বছর বয়সি শিশু ঝর্ণা আক্তারকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ধর্ষণের শিকার কিশোরীর বড়ো ভাই। শনিবার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার আবুল কালাম আজাদের ভাড়া বাড়ি থেকে ঐ দম্পতিকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। গতকাল রবিবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার সাগর দিপা বিশ্বাস।

গ্রেফতারকৃতরা হলো—ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পুরন্দপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. সাহেব আলী (৩৪) ও তার স্ত্রী জেসমিন খাতুন (২৫)। ধর্ষণের শিকার কিশোরী জেসমিনের আপন ছোটো বোন এবং উদ্ধার হওয়া শিশুটি তাদেরই ভাইয়ের মেয়ে।

র্যাব-৪ সূত্রে জানা গেছে, নিজে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ছোটো বোনকে সিলেট থেকে সাভারের বাসায় নিয়ে আসে জেসমিন। কিন্তু এক পর্যায়ে বাসার ভেতর শ্যালিকাকে ঘুমের ওষুধ খাইয়ে নিয়মিত ধর্ষণ করতে শুরু করে তার স্বামী। এতে জেসমিনেরও সম্মতি ছিল। ঐ কিশোরী এক পর্যায়ে বুঝতে পারে ঘুমের মধ্যে তার সঙ্গে খারাপ কিছু একটা ঘটছে। বিষয়টি টের পেয়ে  সে তার বাবা-মাকে বিষয়টি জানালে তারা এসে তাকে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ঐ দম্পতি গত ২০ ডিসেম্বর জেসমিনের বড়ো ভাইয়ের  দুই বছরের শিশুকন্যাকে সিলেট থেকে অপহরণ করে সাভারে নিয়ে আসে। খবর পেয়ে শিশুটির বাবা রুবেল মিয়া মেয়েকে নিতে আসলে তাকে আটকে রেখে মারধর করে বোন ও তার স্বামী। সেখান থেকে কৌশলে পালিয়ে গিয়ে বিষয়টি র্যাবকে লিখিতভাবে জানান রুবেল।

র্যাব জানায়, এ বিষয়ে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।