ভারতের বাইরে সেরা প্রবন্ধকার সম্মাননা পেলেন চবি শিক্ষক

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০০:১০

ভারতের পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের ৩৬তম অধিবেশনে ‘ভারত বহির্ভূত অন্যান্য দেশ বিভাগে সেরা প্রবন্ধকার সম্মাননা’ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক তাসনুভা রহমান। ‘চট্টগ্রামের সাংস্কৃতিক তত্পরতার একটি রূপরেখা’ শীর্ষক প্রবন্ধের জন্য তিনি এ সম্মাননায় ভূষিত হয়েছেন। গত শুক্রবার ভারতের কলকাতাস্থ কেশব চন্দ্র ব্রহ্মানন্দ কলেজে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

নিজের অনুভূতি জানাতে গিয়ে তাসনুভা রহমান বলেন, চট্টগ্রামের রয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্য। বিষয়টি নিয়ে কাজ করার সময় আমি সেই ঐতিহ্যের রসাস্বাদন করার চেষ্টা করেছি। এ প্রাপ্তি আমাকে কাজের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে। কাজ করে যেতে হবে। অল্প অল্প করে কাজ করব। কাজের মান যাতে ঠিক থাকে সেদিকে যত্নশীল থাকার চেষ্টা করব।

প্রসঙ্গত, তাসনুভা রহমান চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর ২০০২-২০০৩ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হন। ২০১৩ সালে তিনি এই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।