অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের প্রত্যেকটি বন্দরে আমদানি-রপ্তানি পণ্য যাচাই করা হবে। এ জন্য প্রত্যেকটি বন্দর, নৌবন্দর, স্থলবন্দর বা এয়ারপোর্টে, সব জায়গায় স্ক্যানার বসানো হবে। গতকাল রবিবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২০ উপলক্ষ্যে এক সেমিনারে তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এনবিআরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, শুধু রাজস্ব নয়, জনগণকে সেবাও দিতে হবে। শুল্কসহ রাজস্ব আদায়ের সব আইন সহজীকরণ করা হবে। আমি আশা করি একদিন এনবিআরের সব কার্যক্রম পেপারলেস হবে। এনবিআরের প্রত্যেকটি সিস্টেম অটোমেটেড হবে। আপনাদের যার যা সক্ষমতা আছে যার যার অবস্থান থেকে এ দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করবেন। আপনাদের সততার কোনো ঘাটতি আছে বলে আমি বিশ্বাস করি না। নতুন নতুন সিস্টেম উন্নত করার উপায় বের করেন। যাতে জনগণের সঙ্গে আমরা ফিজিক্যাল কনট্যাক্ট কমাতে পারি তাহলে সেবার মানও উন্নয়ন হবে আর ভুল বোঝাবুঝির জায়গা অনেক কমে যাবে। চট্টগ্রাম বন্দর বা মোংলা বন্দর যেখানে মালামাল আসে সেখানে হয়রানি যেন না হয় সেটা দেখতে হবে। তিনি বলেন, এবছর রাজস্ব আদায়ে আমরা একটু পিছিয়ে আছি। পাঁচ বছরে রাজস্বতে কাস্টমসহ মোট প্রবৃদ্ধি ১৪ শতাংশ। এটা অনেক বড়ো অর্জন। অনুষ্ঠানে কাস্টমসের ১৭ জন কর্মকর্তা ও তিনটি প্রতিষ্ঠানকে ডব্লিউসিও মেরিট পুরস্কার দেওয়া হয়।
