স্মরণ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ

আলতাফ মাহমুদের সততা নিষ্ঠা ও আদর্শ ছিল অনুসরণীয়

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০০:৪০

মানবিক গুণাবলিতে গড়া নন্দিত সাংবাদিক আলতাফ মাহমুদ ছিলেন সততা, আদর্শ ও সংগ্রামের প্রতীক। সাংবাদিকদের রুটি-রুজিসহ অধিকার আন্দোলনে তিনি ছিলেন আপসহীন। সাহসিকতা ও যোগ্যতার সঙ্গে তিনি সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে নন্দিত নেতা প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদের স্মরণসভায় এই অভিমত ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ফোরাম নেতা প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়েনের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাব সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সাবেক মহাসচিব ওমর ফারুক ও আব্দুল জলিল ভুঁইয়া, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, সাবেক যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, স্বদেশ প্রতিদিন সম্পাদক রফিকুল ইসলাম রতন, ডিইউজের সাবেক সভাপতি কাজী রফিক, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি তরুণ তপন চক্রবর্তী প্রমুখ। সভা শেষে আলতাফ মাহমুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সাংবাদিক নেতা আলহাজ মফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, আলতাফ মাহমুদকে তার সততা, আদর্শ ও যোগ্যতা নেতার আসনে বসিয়েছে। ভালো কিছু কাজ করেছেন। আলতাফ মাহমুদসহ যেসব সাংবাদিক নেতৃবৃন্দ মারা গেছেন তারা সবাই স্মরণীয়। তারা সততা ও আদর্শের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের অধিকারের আন্দোলন-সংগ্রাম করেছেন।