ভারতে মুসলিম গরু ব্যবসায়ী হত্যায় ৮ গো-রক্ষকের যাবজ্জীবন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:০৬

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে গোরক্ষকদের হাতে এক স্কুল ছাত্র ও এক মুসলমান গরু ব্যবসায়ী খুনের ঘটনায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার ঝাড়খণ্ডের একটি আদালত এ রায় দেয়। দুই বছর আগে অপহরণের পর ওই দুইজনকে পিটিয়ে ও গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যা করা হয়। খবর আলজাজিরার।

ভারতে সাম্প্রতিক সময়ে গরুর মাংস খাওয়া, রাখা বা বিক্রি করার কারণে মুসলমানদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। গোরক্ষা ইস্যুতে কাউকে শাস্তি দেওয়ার দ্বিতীয় ঘটনা এটি।

জানা গেছে, ২০১৬ সালে নিহত স্কুল ছাত্র ইমতিয়াজ(১২) ও গরু ব্যবসায়ী মজলুম আনসারী (৩২) গরু নিয়ে হাঁটে যাওয়ার পথে গোরক্ষকদের হামলার শিকার হন। অপহরণের পর গাছে ঝুলিয়ে নির্যাতনের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়।

রায় দেয়ার সময় অভিযুক্তদের পক্ষে আদালতে শোডাউন করে কট্টর হিন্দুত্ববাদীরা। তারা ভারত ‘মাতা কি জয়’ ‘গোহত্যা বন্ধ করো’ ইত্যাদি স্লোগান দেয়।

আরও পড়ুনঃ গলায় দড়ি দিয়ে ঝুলছেন মা, নাড়ির সঙ্গে ঝুলছে নবজাতক!

নিহতদের স্বজনরা জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করবে আসামীরা। তবে ন্যায় বিচার পেতে শেষ পর্যন্ত লড়াইল চালিয়ে যাবেন তারা।

হিন্দু ধর্মাবলম্বিরা গরুকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করে। কট্টর হিন্দুরা মনে করে এই প্রাণীটিকে রক্ষা করা তাদের ধর্মীয় দায়িত্ব। দেশটির বিভিন্ন রাজ্যে গরু হত্যা অবৈধ। এর মধ্যে রয়েছে ঝাড়খণ্ড রাজ্যও।

ইত্তেফাক/টিএস