বিশ্বমানের অত্যাধুনিক বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রত্যয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার সকালে রাজধানীর গুলশানের ইমানুয়্যেলস ব্যাংকুয়েট হলে ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহারে দূষণমুক্ত পরিচ্ছন্ন ঢাকা, মশক নিয়ন্ত্রণ, যানজট ও বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন, সড়ক নিরাপত্তা, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, নারী শিশু ও প্রতিবন্ধীবান্ধব ঢাকা, নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপদ পানি, নিরাপদ খাদ্য, পাবলিক টয়লেট, ক্ষুদ্র ব্যবসা, ইন্টেলিজেন্ট সিটি অপরাধ দমন, বিনোদন, আবাসন ও নগর প্রশাসনকে গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্বাচিত হওয়ার পর প্রথম দিন থেকে সেবা দেওয়ার অঙ্গীকার করেন ঢাকা উত্তর সিটিতে ধানের শীষের এই মেয়রপ্রার্থী।
তাবিথ বলেন, ‘নগর প্রশাসন করে নাগরিক সেবা ওয়ার্ড পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হবে। নগর সরকার করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
তাবিথ বলেন, ‘ঢাকা সিটিতে মশার উপদ্রব একটি অন্যতম সমস্যা। বর্তমান সরকার ও মেয়রেরা মশা নিধনের ব্যর্থ হয়েছে। আমর নির্বাচিত হলে বছরব্যাপী মশা নিধনের কার্যক্রম গ্রহণ করব। যানজট নিরসনে কাজ করব। বায়ু দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেব।’
আরো পড়ুন: প্রধানমন্ত্রী গাইলেন চট্টগ্রামের আঞ্চলিক গান
বিরোধী দলে থেকে ইশতেহার বাস্তবায়ন করতে পারবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জনগণ পাশে থাকলে আমার দেওয়া ইশতেহার বাস্তবায়ন করতে পারব।’ মেয়রপ্রার্থী আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হলে সৎ সাহস থাকে। জনগণের শক্তির কাছে যে কেউ মাথানত করতে বাধ্য।’
ইশতেহার ঘোষণা করে তাবিথ আউয়াল বলেন,‘সরকার চায় আমরা মাঠ ছেড়ে যাই, সেজন্য সবাইকে ভোটাধিকার প্রয়োগোর আহ্বান জানাচ্ছি। হুমকি ভয়ভীতি ছড়াচ্ছে, ভোটাররা যেনো কেন্দ্রে না যায়। কিন্তু এসব হুমকিতে ভীত হবেন না, ১ ফেব্রুয়ারি নির্ভয়ে সবাই ভোট দিতে যাবেন।
মেয়র নির্বাচিত হলে পরবর্তী ৬০ দিনের মধ্যে ডেঙ্গু মহামারি ও ঢাকার দূষণ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেবেন বলেও প্রতিশ্রুতি দেন ধানের শীষের এই প্রার্থী।
তিনি বলেন, ‘আমরা নির্বাচিত হলে বাসা ভাড়া নির্ধারণে, আবাসনের উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। ব্যাচেলর স্টুডেন্টস হাউজিং, চাকরিজীবী নারীদের আবাসনের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে জনগণের ক্ষমতা ব্যবহার করে বিদ্যমান সংকট সমাধান করা হবে।’
তাবিথ বলেন, ‘বিজয়ী হলে সততা সদিচ্ছা দিয়ে ওয়াসার সাথে সমন্বয় করা হবে। নারীদের জন্য নিরাপদ ঢাকা গড়ে দেয়া হবে। প্রথম দিন থেকেই নগরবাসীকে ২৪ ঘণ্টা সেবাদান করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, শামসুজ্জামান দুদু, মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক প্রমুখ।
ইত্তেফাক/এএএম
