ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক বহুতল ভবন নির্মাণ করে প্রতিষ্ঠানের উন্নয়ন করলেই চলবে না। প্রতিটি প্রতিষ্ঠানকেই প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নত করতে হবে। ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে ভালো ফলাফলের নিশ্চয়তাও দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের হাল ধরবে।
সোমবার ভাঙ্গা উপজেলার জাঙ্গালপাশা হাজী আ.মজিদ একাডেমির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি এ কথা বলেন। এমপি নিক্সন চৌধুরী আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে সারাদেশে প্রতিটি প্রতিষ্ঠানের উন্নয়নসহ শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা দিচ্ছেন। নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে সত্য ও ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
জাঙ্গালপাশা হাজী আ. মজিদ একাডেমির প্রধান শিক্ষক ইলিয়াছ আহম্মেদের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু প্রমুখ।
