মুলাদীতে সাংবাদিক পরিচয়ে ছিনতাই

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২১:৩৩

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের মুলাদীতে সাংবাদিক পরিচয় দিয়ে স্কুল শিক্ষিকার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৯টার দিকে অজ্ঞাত পরিচয়ের দুই ছিনতাইকারী মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিমা বেগমের প্রায় ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

নাসিমা বেগম জানান, সকালে দুই লোক এসে সাংবাদিক পরিচয় দিয়ে তার বাসায় প্রবেশ করে। তাদের প্রশ্নে  তিনি প্রাইভেট টিউশনি করান না জানালে ছিনতাইকারীরা গাড়ির তেল কেনার টাকা চায়। এ সময় তিনি পাটর্স থেকে টাকা বের করা শুরু করলে ছিনতাইকারীরা জোড়পূর্বক পাটর্সে থাকা প্রায় ৩৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান শিক্ষিকার বাসা থেকে টাকা ছিনতাইয়ের বিষয়টি আমি শুনেছি। ছিনতাইকারীদের ধরতে সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা চলছে।