রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মূলত জ্ঞানচর্চা, মুক্তচিন্তা আর মানবিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্র। এ লক্ষ্য বাস্তবায়নে সাধারণ শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে নতুন নতুন জ্ঞানের ক্ষেত্র ও সে বিষয়ে কার্যকর, প্রাসঙ্গিক ও ব্যাবহারিক কার্যক্রম প্রণয়ন করতে হবে। পাঠদানের পাশাপাশি গুণমানসম্পন্ন গবেষণার মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা যাতে বাংলাদেশের সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অগ্রযাত্রায় শামিল হতে পারে তার উদ্যোগ নিতে হবে। সোমবার বিকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী ও সমাবর্তন বক্তা আ হ ম মুস্তফা কামাল এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড, কাজী শহীদুল্লাহ এবং স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
রাষ্ট্রপতি বলেন, আমাদের সবার মনে রাখতে হবে—নিরন্তর গবেষণার মধ্য দিয়ে একদিকে যেমন সৃষ্টি হয় নবতর জ্ঞানের, তেমনি বহুমুখী সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মননে জাগ্রত হয় মানবিক মূল্যবোধ। শিক্ষার সঙ্গে মানবিক মূল্যবোধ পৃথিবীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল প্রেরণা হিসেবে কাজ করে। বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির যুগ। এ সময়ে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আধুনিক ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৩ বছর পর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে নিবন্ধন করা ২ হাজার ৮৮৮ জন গ্র্যাজুয়েটকে রাষ্ট্রপতি ডিগ্রি প্রদান করেন। এছাড়া শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন রাষ্ট্রপতি।
উল্লেখ্য, দেশের ২৬তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে কুবি সাতটি বিভাগ নিয়ে ২০০৬ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বর্তমানে এখানে ১৯ বিভাগে ২৫৩ শিক্ষক এবং ৭ হাজার ৫৫ শিক্ষার্থী রয়েছেন।
