ইরাকে মার্কিন দূতাবাসের তিন স্থাপনায় রকেট হামলা,আহত ৩

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০০:৪৫

ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে অন্তত তিনটি রকেট হামলা হয়েছে। এর মধ্যে একটি রকেট দূতাবাসের ক্যাফেটরিয়াতে এবং বাকি দুইটি একটু দূরে আঘাত করেছে বলে জানিয়েছে এএফপি। এতে অন্তত তিন ব্যক্তি আহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। কয়েক বছরের মধ্যে এই প্রথম কোনো রকেট হামলায় বাগদাদে কোনো মার্কিন দূতাবাস কর্মী আহত হলেন। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে যুক্তরাষ্ট্র ইরাকের সামরিক বাহিনীর ইরান সমর্থিত অংশের বিরুদ্ধে আগে থেকে অনুযোগ জানিয়ে আসছে। ইরাকি প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরণের ধারাবাহিক হামলায় ইরাক আবার যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, আমাদের কূটনৈতিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দেওয়ার যে বাধ্যবাধকতা ইরাকি কর্তৃপক্ষের রয়েছে, তাদের তা পালনের আহ্বান জানাচ্ছি আমরা। -বিবিসি